মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, আগামী তিন দিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে সরকার আশা করছে।
শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নামের গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর তিন কার্যদিবসের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হয়। কর্মদিবস হিসেবে আগামীকাল থেকে সময় গণনা শুরু হলে ১৫, ১৬ বা সর্বোচ্চ ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হতে পারে বলে জানান তিনি।
শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে শেখ আব্দুর রশীদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই শপথ হলে যেমন প্রস্তুতি রয়েছে, তেমনি প্রয়োজনে পরবর্তী সময়ের জন্যও প্রস্তুতি রাখা হয়েছে।
তিনি জানান, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বঙ্গভবন–এ। এতে বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় এক হাজার মানুষ উপস্থিত থাকবেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সংসদ সদস্যদের শপথের পর নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্য থেকে সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে নির্বাচিত হবেন, তিনি রাষ্ট্রপতিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।