দুর্নীতি রোধ ও জবাবদিহিতার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের
দেশে দুর্নীতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিপুল বিজয়ের পর এটি ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।
তারেক রহমান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রাপথে ভিন্ন দল ও ভিন্নমতের সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবাই ভূমিকা রেখেছে, একইভাবে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সম্মিলিত দায়িত্বশীলতা প্রয়োজন।
নির্বাচনের ফলাফলকে ‘গণতন্ত্র ও বাংলাদেশের বিজয়’ হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, শত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সব সংশয় কাটিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে বিচারিক কর্মকর্তা, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা অনুযায়ী জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এমন সময় তাঁর অনুপস্থিতি দল ও নেতাকর্মীদের জন্য বেদনার।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, যেকোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনো অজুহাতে সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, সরকারি দল বা বিরোধী দল-সব নাগরিকের জন্য আইন সমানভাবে প্রয়োগ করতে হবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান ও উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে বড় ব্যবধানে জয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের সমর্থন অর্জনই বিএনপির মূল শক্তি ছিল।