নাটোর-১ আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ এমপি নির্বাচিত ফারজানা শারমিন পুতুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে প্রথম নারী এবং সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বয়স ৪১ বছর। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র নারী বিজয়ী প্রার্থীও তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে পুতুল পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।
এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১৮ বছর পর নাটোর-১ আসনে বিএনপি আবারও সংসদ সদস্য নির্বাচিত করল। ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরবর্তী ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দলটি এই আসনে জয় পায়নি।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নাটোর-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় ফারজানা শারমিন পুতুল বলেন, তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এই বিজয় লালপুর ও বাগাতিপাড়ার সব মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেন তিনি।
তিনি নির্বাচনী প্রচারণায় যুক্ত নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথাও স্মরণ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।