নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় এক হাজার অতিথি
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ প্রায় এক হাজার অতিথি অংশ নেবেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, জাতীয় সংসদে ২৯৭টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করবেন। তিনি জানান, এই সময় আগামীকাল থেকে শুরু হয়ে ১৪, ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তৃত থাকতে পারে।
শপথ গ্রহণের পরে প্রতিটি দল তাদের সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। সংখ্যাগরিষ্ঠ সদস্য নির্বাচিত হলে রাষ্ট্রপতিকে আস্থা প্রদানের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ পাবেন। এরপর সুবিধাজনক সময়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শপথ পড়ানোর বিষয়ে সচিব জানান, স্পিকার, ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ শপথ গ্রহণ অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে পারেন। যদি তারা মনোনয়ন না দেন, তাহলে সরকার থেকে কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন।