আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক হাতবোমা বিস্ফোরণের পাশাপাশি অন্তত চারজন আহত হয়েছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর থেকে প্রায় তিন ঘণ্টা ধরে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, সংঘর্ষে আহতরা হলেন-নতুন মাদারীপুর গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে সজিব হাওলাদার, একই গ্রামের চান মিয়া মুন্সির ছেলে রনি মুন্সি, খালেক বেপারীর ছেলে রানা বেপারী এবং মো. রাশেদ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যার দিকে চর কুকরাইল জজ কোর্ট এলাকায় হাসান মুন্সির পক্ষের ১০ থেকে ১৫ জন কিশোর আক্তার হাওলাদারের সমর্থক রানা বেপারীর ওপর হামলা চালায়। হামলায় রানা বেপারীর ডান হাত ভেঙে যায়।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।