ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হলেন ড. এ এস মো. আবদুল হাছিব
রাজধানীর সাত কলেজ নিয়ে গঠিত নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এ এস মো. আবদুল হাছিব। তিনি বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর অধ্যাপক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। সোমবার মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি আজই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’-এর ১১(১) ধারা অনুযায়ী ড. এ এস মো. আবদুল হাছিবকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ড. এ এস মো. আবদুল হাছিব এর আগে বুয়েটের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিনিই প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন।