কুষ্টিয়ায় দুপক্ষের গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার এবং আশরাফুল ইসলাম। স্থানীয়রা তাদের প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন, পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জের ধরে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক অভিযোগে বলা হয়েছে, আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনার জের ধরেই বিরোধের সূত্রপাত। দফাদারপাড়া এলাকার ময়জুদ্দিন দফাদরের ছেলে রিন্টু (২৬), সোহরাবের ছেলে দোয়েল (২৫), তুয়বুদ্দির ছেলে সিহাব (৫০) ও জালালসহ অজ্ঞাত আরও ৮–১০ জন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরেই সংঘটিত হয়েছে। তিনজন গুলিবিদ্ধ হয়েছেন, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।