পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসায় আজ বুধবার থেকে টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে রমজান, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। ছুটির তালিকা অনুযায়ী কলেজগুলোতে রমজান উপলক্ষে ছুটি শুরু হচ্ছে আজ থেকে। ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে কলেজে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) প্রকাশিত ছুটির তালিকায় দেখা যায়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে কলেজগুলো ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের সরকারি ছুটি রয়েছে। এর পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ধারাবাহিকভাবে ছুটির সময়সীমা আরও বাড়ছে। সে হিসাবে ২৯ মার্চ (রোববার) থেকে কলেজগুলো খুলবে।
ছুটির তালিকায় ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি রাখা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।
ছুটির তালিকায় প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিনের ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এ ছুটিগুলো মঞ্জুর করতে পারবেন।