নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দায়িত্ব গ্রহণের পর দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথের পর রাতে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান, “একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাআল্লাহ অনেক চমক রয়েছে। শুরু হবে কয়েক দিনের মধ্যেই।”
মন্ত্রী বলেন, “এক শব্দে বলতে গেলে, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই। আমরা একটি গ্লোবাল কম্পিটিটিভ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। আমাদের শিক্ষা এখন আর লোকাল নয়, এটি একটি আন্তর্জাতিক কমোডিটি।”
এহছানুল হক মিলন আরও বলেন, “ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার লিঙ্কিংসকে শক্তিশালী করতে হবে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট)-কেও গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”
মন্ত্রী জোর দিয়ে বলেন, “দল-মত নির্বিশেষে আমি বিজয়ী হয়েছি। সবাই আমার। সবার জন্য কাজ করব। বাংলাদেশের সেরা উপজেলা শুধু শিক্ষা নয়, মাদক, দুর্নীতিসহ সব ক্ষেত্রে দেশের সেরা হবে-এটাই আমার স্বপ্ন।”
প্রসঙ্গত, ২০০১ সালে আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।