স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে এবং “মব জাস্টিস” নিয়ন্ত্রণে আনা হবে। তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান।
মন্ত্রী বলেন, এক-দেড় বছর আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ করেছি। তারা একটি নির্বাচন আয়োজন করেছে, যার মাধ্যমে নির্বাচিত সরকার গঠন হয়েছে। এটিই একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, তা উন্নত করার চেষ্টা চলবে। যে ধরনের সামাজিক উত্তেজনা, গণঅভ্যুত্থান বা বিদ্রোহ ঘটেছে, সেই পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকারের গুরুত্ব তুলে ধরে বলেন, ডেমোক্রেসি আমাদের প্রধান উপাদান। আমাদের মন্ত্রণালয় সরাসরি মানুষের সঙ্গে সম্পর্ক রাখে। আমি বিশ্বাস করি, আমাদের মন্ত্রণালয়কে একটি গতিময় প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করা সম্ভব। মানুষের সমস্যাগুলো সমাধানে আমরা কাজ করতে পারব।
মন্ত্রী দেশের অর্থনীতি, ব্যাংক খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “অতটা খারাপ নয়, আমাদের আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ব্যাংক খাতও এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।”
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে স্বীকৃত হয়েছে। এটি সকলের কাছে গ্রহণযোগ্য।
এছাড়া তিনি আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনার পর জানানো হবে এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের জন্য শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন।