বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিন্ডিকেট নিয়ে শুধু “সাউন্ড বাইট” দিয়ে নয়, কাজ করে দেখানোই তার মূল উদ্দেশ্য। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিনিয়োগের প্রাথমিক শর্ত হলো স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া এলডিসি (লেস ডেভেলপড কান্ট্রি) গ্র্যাজুয়েশন বিলম্বিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন।
একই সুরে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, “আমরা কাজ করে দেখাতে চাই।”
এদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকও আজ অনুষ্ঠিত হবে, যেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার সদস্যরা অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মঙ্গলবার বিএনপি সরকার গঠন করে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও ৫০ সদস্যের মন্ত্রিসভার সদস্যরা।