সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা রয়েছে, যা খুব দ্রুত জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
বুধবার বিকেলে মন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, “শর্ট টার্মে, ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে, যেটা আগেই তৈরি করা ছিল। সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে।”
তিনি জানান, রমজানকে কেন্দ্র করে যেসব চ্যালেঞ্জ তৈরি হতে পারে, সেগুলো মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে বৈঠকটি কেবিনেট মিটিং ছিল না উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল একটি সৌজন্যমূলক বৈঠক। সেখানে মন্ত্রীরা এবং উপদেষ্টারা উপস্থিত থাকলেও উপদেষ্টারা কেবিনেটের অংশ নন, তাই এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়।