সরকারি গাড়ি নয়, নিজের গাড়ি ও নিজস্ব জ্বালানি ব্যবহার করবেন প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের গাড়িতেই চলাফেরা করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে গাড়ির জ্বালানি, চালকসহ সংশ্লিষ্ট কোনো খরচও তিনি নেবেন না বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক এবং নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। সরকারি গাড়ি তিনি ব্যবহার করছেন না। বুধবার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগরে যান নিজের টয়োটা গাড়িতে। পরে সেখান থেকেই তিনি সচিবালয়ে আসেন একই গাড়িতে।
গাড়িবহর কমানো হয়েছে
আতিকুর রহমান রুমন জানান, যানজট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। আগে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকলেও বুধবার তা কমিয়ে চারটি করা হয়।
রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া গাড়িতে পতাকা থাকবে না
রুমন জানান, শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহার করা হবে।
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে জট সৃষ্টি হয় এবং ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সচিবালয়েই বেশিরভাগ বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাস্তার দুই পাশে পুলিশ মোতায়েনের নিয়ম বন্ধের নির্দেশ
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশ অবস্থানের যে নিয়ম রয়েছে, তা বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রথম দিনের কর্মসূচি
বুধবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই জায়গাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।