শিক্ষকদের উদ্দেশে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “আপনারা শিক্ষকতা করবেন, ক্লাস রুম ছেড়ে আন্দোলন করবেন-এটা হতে পারে না। আপনারা অবশ্যই দাবি-দাওয়া রাখতে পারেন। তবে যেভাবে আসার , সেভাবেই আসবেন আমরা তা সমাধান করার চেষ্টা করব। আশা করি, আমাদের বার্তা তারা পেয়ে গেছেন এবং কাজেও তা প্রতিফলিত হবে।”
তিনি বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। “প্রথম আলোতে শামীমা বিনতে রহমান নামের একজন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। আমি সেই সময় পত্রিকা পড়েই প্রেসক্লাবে ওই ব্যক্তির সামনে জানিয়ে দিয়েছি, যদি প্রমাণ দেন, আমি পদত্যাগ করব। কিন্তু তার সাহস হয়নি।” তিনি স্মরণ করিয়ে দেন, “এখানেই শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত হয়।”
ডা. মিলন বলেন, তাদের ভিশন নির্বাচনি ইশতেহারে প্রতিফলিত ছিল। সামনে এসএসসি পরীক্ষা রয়েছে। তিনি নিশ্চিত করতে বলেছেন, প্রশ্নপত্র বণ্টনে কোনো জটিলতা বা ঝামেলা যেন না হয়।
মন্ত্রী আরও উল্লেখ করেন, যখন তিনি প্রথম দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন বরিশাল শিক্ষা বোর্ড তৈরি করেছিলেন এবং একটি পাবলিক কলেজের অধ্যক্ষকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছিলেন। কিছু শিক্ষাপ্রশাসনিকরা অভিযোগ এনেছিলেন যে তিনি ঐ “ট্র্যাডিশন ব্রেক” করেছেন।