সরকার পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ঈদুল ফিতরের পর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সরকারের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে তিন ধাপে একটি টাইমলাইন নির্ধারণ করা হয়েছে।
তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা
প্রথম ধাপ (এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত):
এই ধাপে ‘বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ’, ‘উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস’ এবং ‘শিক্ষকদের ট্যাব প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন’ করার কথা জানানো হয়।
দ্বিতীয় ধাপ (ঈদুল ফিতরের পর):
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে। এতে মন্ত্রণালয়ভিত্তিক ও বিভাগভিত্তিক পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি পরিমাপযোগ্য সূচক (মেজারেবল ইন্ডিকেটর) নির্ধারণ করা হবে, যাতে বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন করা যায়।
তৃতীয় ধাপ (১২ থেকে ৩৬ মাস):
এই ধাপে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের টেকনিক্যাল সংস্কার আনা হবে বলে জানানো হয়। একই সঙ্গে কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে উল্লেখ করা হয়।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।