পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও জলাধার খনন কর্মসূচি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মন্ত্রিসভার একাধিক সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, পর্যায়ক্রমিক কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং তদারকি কাঠামো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
সভা সূত্রে জানা গেছে, সরকারের লক্ষ্য হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি করা এবং একই সঙ্গে জলাধারগুলোর ধারণক্ষমতা বাড়িয়ে পানি সংরক্ষণ ও বন্যা-জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া।
এর আগে একই দিনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মহাপরিচালক, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই মহাপরিচালক এবং তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।