য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-র ভূমিধস জয়ের পর দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার যাত্রা শুরু করায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। ক্ষমতার এই পরিবর্তনের পর স্থবির হয়ে পড়া ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে সহজ আমদানিনীতি, ঋণ সুবিধা বৃদ্ধি এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বন্দরনগরী চট্টগ্রাম-এর শীর্ষ ব্যবসায়ীরা।
তাদের মতে, আমলাতান্ত্রিক জটিলতা ও নীতিগত অস্পষ্টতা কমিয়ে বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার মাধ্যমেই অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। একই সঙ্গে আমদানি-রপ্তানিনীতি সহজ করা এবং ব্যাংক ঋণের সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান তারা।
পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ বলেন, নতুন সরকারের উচিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ইজ অব ডুইং বিজনেস’ পদ্ধতি অনুসরণ করা। এতে দেশের ব্যবসা পরিবেশে আমূল পরিবর্তন আসবে। তিনি বলেন, নতুন অর্থমন্ত্রী এ বিষয়ে ইতোমধ্যে চিন্তাভাবনা শুরু করেছেন-এটি বাস্তবায়িত হলে বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে।
জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, ব্যাংক খাত সংস্কার এবং আমদানিনীতি দ্রুত সহজ করা গেলে ঝিমিয়ে পড়া বিনিয়োগে গতি ফিরবে। একই সঙ্গে ঋণের শর্ত শিথিল করে উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।
দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন–এর আইন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে এলসি মার্জিন সহনীয় মাত্রায় নির্ধারণ জরুরি। পাশাপাশি ডলারের বাজার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ব্যবসাবিরোধী নীতির কারণে দেশের অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়ে। অসংখ্য শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয়। উচ্চ সুদের হার ও কঠোর ঋণ শর্তের কারণে উদ্যোক্তারা মারাত্মক চাপের মধ্যে পড়েন। এই পরিস্থিতি থেকে উত্তরণে নতুন সরকারের কাছে তাদের প্রধান দাবি-সহজ ঋণপ্রাপ্তি ও সুদের হার কমানো।
বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিশেষ প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে শিল্পের কাঁচামাল ও অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে বিধিনিষেধ কমিয়ে প্রক্রিয়া দ্রুততর করার দাবি ওঠে। তারা আরও বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং উচ্চমূল্যের কারণে অনেক শিল্প-কারখানার চাকা থমকে গেছে। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিল্পখাতে জ্বালানির দাম কমানোর দাবি জানিয়েছেন তারা। এ ছাড়া বিনিয়োগবান্ধব নীতিমালার ধারাবাহিকতা, কর ও শুল্ক কাঠামো সংস্কার এবং হয়রানিমুক্ত ট্যাক্স ও ভ্যাট আদায় ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীরা। তাদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের পথে ফিরবে।