এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রমে কিছু মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে
জাতীয় পরিচয় নিবন্ধনভিত্তিক মোবাইল সিম ব্যবস্থাপনা জোরদারের অংশ হিসেবে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) নির্দিষ্ট সময়ের জন্য কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। রোববার এক বিজ্ঞপ্তিতে এমটব জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রান পরিচালনার কারণে এই সাময়িক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে ডি-রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহৃত সিম থাকলে সংশ্লিষ্ট গ্রাহকদের মোবাইল সংযোগ হ্যান্ডসেট থেকে সাময়িকভাবে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হওয়া সংযোগগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে বলে জানিয়েছে এমটব। এ জন্য গ্রাহকদের পক্ষ থেকে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই।
এমটব তাদের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে, এই পরীক্ষামূলক কার্যক্রমের ফলে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সংশ্লিষ্টরা বলছেন, এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর হলে অবৈধ ও নকল হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করা, মোবাইল চুরি রোধ এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।