মাগুরার সন্তান, অভিজ্ঞ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী আবারো মন্ত্রী হলেন। গত শতকের আশির দশকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এই-রাজনীতিবিদ এবার বিএনপির সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বভার পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১ লাখ ৪৭ হাজার ভোট পেয়ে জয়ী হওয়া ৭৬ বছর বয়সী নিতাই রায় দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। দলের চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার নবগঠিত সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বভার প্রদান করেন।
রাজনৈতিক পথচলা:
১৯৪৯ সালে মাগুরার মহম্মদপুর হাটবাড়িয়া গ্রামে জন্ম নেওয়া নিতাই রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে এলএলবি সম্পন্ন করে আইন পেশায় যুক্ত হন।
১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মানবিক চরিত্র ও জনবান্ধব নেতা:
নিতাই রায় চৌধুরীকে শুধু রাজনৈতিক অভিজ্ঞতার জন্য নয়, বরং তার সহানুভূতিশীল, বিনয়ী ও জনবান্ধব চরিত্রের জন্যও সম্মানিত করা হয়। স্থানীয়রা বলেন, তিনি সর্বদা সাধারণ মানুষ ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ান, তাদের সমস্যার সমাধানে সরাসরি এগিয়ে আসেন। তার মানবিক আচরণ ও সহজ ভাষার কারণে তিনি ছাত্র-যুব সমাজ ও স্থানীয় জনপদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
তিনি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, বিশেষ করে সাংস্কৃতিক ও যুবকল্যাণমূলক উদ্যোগে। রাজনৈতিক জীবনের সাফল্যের পাশাপাশি তার মানবিক মূল্যবোধ ও সততা তাকে একটি প্রিয় জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পারিবারিক জীবন:
নিতাই রায় চৌধুরী স্ত্রী ঝুমা রায় চৌধুরী। তাদের দুই পুত্র ও তিন কন্যা রয়েছে। ছেলে দেবাশীষ রায় চৌধুরী বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি, আরেক ছেলে মিথুন রায় চৌধুরী মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। মেয়ে নিপুণ রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
অর্থনৈতিক তথ্য:
নিতাই রায় নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় হিসেবে ৯ লাখ ৬৬ হাজার টাকা এবং সম্পদের পরিমাণ ৪২ লাখ ৪৮ হাজার টাকা দেখিয়েছেন।
রাজনৈতিক অভিজ্ঞতা:
আইনজীবী হিসেবে দক্ষতা ও মানবিক চরিত্রের সমন্বয়ে নিতাই রায় চৌধুরী মাগুরা ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন সম্মানিত ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
এনআর