৫ আগস্টের পর বড় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে করা মামলা যাচাইয়ের নির্দেশ
৫ আগস্টের পর দায়ের হওয়া যেসব মামলায় বড় ব্যবসায়ী, স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে এবং যারা ভোগান্তিতে পড়েছেন-সেসব মামলা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর আওতাধীন সব অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া অনেক মামলায় প্রকৃত সম্পৃক্ততা না থাকলেও কিছু সুবিধাবাদী মহল মানুষকে হয়রানি করতে আসামি করেছে। এতে বড় ব্যবসায়ীসহ সমাজের অনেক বিশিষ্ট ও স্বনামধন্য ব্যক্তি অকারণে ভোগান্তির শিকার হয়েছেন। এসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে তারা যেন ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ। নিরীহ মানুষ যাতে মামলাবাজির শিকার না হন, সে বিষয়টি পুলিশকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এ কাজের জন্য আলাদা কোনো কমিটি গঠনের প্রয়োজন নেই। যাচাই-বাছাই পুলিশের দায়িত্ব, তারাই করবে। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া না হলেও দ্রুত একটি প্রতিবেদন দেওয়ার নির্দেশ রয়েছে। সাংবাদিকদের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাংবাদিকরা কি মানুষ না? সবাই আইনের শাসনের আওতায় থাকবে, সবাই ন্যায়বিচার পাবে।”