দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না-সে সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করতে এলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না-এ বিষয়ে সিদ্ধান্ত সংসদে নেওয়া হবে। ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট।” তিনি আরও বলেন, সিটি করপোরেশনগুলোতে এতদিন সরকারি কর্মকর্তারা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তবে রাজনৈতিক নেতৃত্ব থাকলে জনগণের সঙ্গে সংযোগ আরও দৃঢ় হবে এবং সেবার মান বাড়বে বলে সরকারের বিশ্বাস।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না-সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন সংসদ অধিবেশনেই নেওয়া হবে।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততা নিশ্চিত করতে রাজনৈতিক প্রশাসকরা সরকারি কর্মকর্তাদের তুলনায় সিটি করপোরেশন পরিচালনায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।