জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে স্পষ্ট করেন তিনি।
মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, দলের পক্ষ থেকে তাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, খুব তড়িঘড়ি করে ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা গণঅভ্যুত্থানের আগে কোনো বিধিবিধানে ছিল না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচিত মেয়ররা আত্মগোপনে চলে যান। সেই সুযোগে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, সে সময় সরকার প্রশাসক নিয়োগের আইনি বিধান করলেও অন্তর্বর্তী সরকার সংগত কারণেই তা ব্যবহার করেনি, কেবল একটি ক্ষেত্র ছাড়া। কিন্তু রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জায়গায় দলীয়ভাবে বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে পরাজিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিশূন্য থাকায় সাধারণ মানুষ নাগরিক সেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র। এই বাস্তবতায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা না আসায় হতাশা প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে এবং নিয়োগের মেয়াদও নির্দিষ্ট করা হয়নি। প্রজ্ঞাপন দেখে মনে হচ্ছে, প্রশাসকরা যেন অনির্দিষ্টকাল দায়িত্বে থাকবেন।
সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, গত দুই দিন ধরে অভিযানের নামে পুলিশের মাধ্যমে সাধারণ জনগণ ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে, যা ভয়ের রাজত্ব কায়েমের ইঙ্গিত দেয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যৌক্তিক দাবিতে আন্দোলনের অধিকার কোনোভাবেই খর্ব করা উচিত নয়। একই সঙ্গে অযৌক্তিকভাবে রাস্তা অবরোধের বিরোধিতাও করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সংসদ সদস্য ও এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হান্নান মাসউদ বলেন, নানা কারচুপির মধ্যেও দলের ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নিজেকে দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য দাবি করে বলেন, ভোটের দিন নিজেও হামলার শিকার হয়েছেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা এখনো চলমান।
হান্নান মাসউদ আরও জানান, এনসিপি আগামী দিনের সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এবং পৌরসভা থেকে শুরু করে সিটি করপোরেশন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রার্থীদের প্রস্তুত করবে দল।