প্রধানমন্ত্রী তারেক রহমান: বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজগতে আলো ছড়াবে
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন অবশ্যই বিশ্বজগতে আলো ছড়াবে। তিনি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদক নয়, বরং ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ও জ্ঞানী-গুণীদের অবদানের সঙ্গে সাধারণ জনগণকে পরিচয় করানোর একটি মাধ্যম। তিনি আরও জানান, শুরুতে মাত্র তিনটি ক্ষেত্রে এই পদক প্রদান করা হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ কমপক্ষে ১২টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক দেওয়া হচ্ছে।
তারেক রহমান বলেন, শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্য চর্চা আরও বিকশিত করতে রাষ্ট্র ও সরকার দায়িত্ব পালন করবে। তিনি সতর্ক করেন, শিক্ষাকে রাজনীতিকীকরণ করা সভ্য সমাজের জন্য কখনোই গ্রহণযোগ্য নয়। জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধিকার রক্ষার সংগ্রামের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাস আমাদের শেকড় সন্ধানী মাস হিসেবে পরিচিত।
একুশে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভাষা শহীদদের স্মরণে পদক প্রদান আমাদের জাতীয় দায়িত্ব। তিনি পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ বছর একুশে পদক পেয়েছেন: চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সংগীত দল হিসেবে পুরস্কৃত হয়েছে।