ঈদযাত্রায় চাঁদাবাজির সুযোগ নেই: নৌপরিবহন মন্ত্রী
ঢাকা: নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সমিতি বা সংগঠনের মধ্যে সমঝোতার ভিত্তিতে চাঁদা আদান-প্রদান বৈধ হলেও অবৈধ উপায়ে চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সরকার কঠোরভাবে দমন করবে। বৃহস্পতিবার ঈদ-পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্ন রাখতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত বছর সড়ক ও নৌপথে ঈদযাত্রা মোটামুটি সন্তোষজনক ছিল। এবার যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে আরও সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। ঈদের আগে ও পরে পাঁচ দিন করে সড়ক ও নৌপথে যাত্রী চলাচল বিশেষ নজরদারির আওতায় থাকবে।
তিনি আরও বলেন, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির মতো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান তিনি।