নরসিংদীতে কিশোরীর মরদেহ উদ্ধার, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নরসিংদীর মাধবদী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার ওই ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আমেনা আক্তার মাধবদীর বিলপাড় এলাকার আশরাফ হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, কাজের সুবাদে আশরাফ হোসেন ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের সৎপিতা আশরাফ হোসেন অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক যুবকের নেতৃত্বে ৫-৬ জন তার মেয়েকে কর্মস্থল থেকে ফেরার পথে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের এক সদস্যের মধ্যস্থতায় মীমাংসা করা হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে পৌঁছে দিতে বের হলে বড়ইতলা এলাকায় পৌঁছানোর পর অভিযুক্তরা তার সামনে থেকেই আমেনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ ছাড়াও সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।