রাজধানীতে নির্মমতা: ওবায়দুল্লাহকে হত্যার পর মরদেহ ৭ খণ্ড, উদ্ধার ৬
নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে হত্যার পর তার মরদেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে দেয় দুর্বৃত্তরা। ইতোমধ্যে ছয়টি খণ্ড উদ্ধার করেছে পুলিশ; বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে সাভারের আমিনবাজার এলাকা থেকে মরদেহের আরও একটি অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে মরদেহ খণ্ড-বিখণ্ড করে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়ে রাখা হয়। এর আগে বাইতুল মোকাররম, জাতীয় স্টেডিয়াম এলাকা এবং কমলাপুর রেলস্টেশন থেকে বিচ্ছিন্ন দুই পা ও দুই হাত উদ্ধার করা হয়। পরে রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার ময়লার স্তূপ থেকে মরদেহের মস্তক উদ্ধার করা হয়।
ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।