ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জেলার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এলজিআরডি মন্ত্রী জানান, মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার জন্য হাসপাতালের অবকাঠামো ও শয্যা সংখ্যা বৃদ্ধি অত্যাবশ্যক। এছাড়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। রোগী ও স্বজনদের চলাচল সহজ করতে লিফট স্থাপনও জরুরি, যার জন্য জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিন বছরের বেশি চিকিৎসক কর্মরত থাকার বিধিনিষেধ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
মির্জা ফখরুল বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ১০-১২ দিন হয়েছে, ধীরে ধীরে সবকিছু নিয়মের মধ্যে আনা হবে। পরিদর্শনকালে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।