সেন্টমার্টিনে অভিযান: ১৫ মানব পাচারকারী আটক, নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১৫ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল-এমন নারী ও শিশুসহ মোট ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ভোররাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’-য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক নৌযানকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশিতে নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয় এবং মানব পাচারের সঙ্গে জড়িত ১৫ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল।
উদ্ধার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।