বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সোমবার (২ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তবে এ স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য; ভিজিটর ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না।
বার্তায় বলা হয়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা তুলনামূলক বেশি হারে গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সিদ্ধান্তটির প্রভাব ও পরবর্তী করণীয় বিষয়ে আরও স্পষ্ট ব্যাখ্যার জন্য আবেদনকারীদের দূতাবাসের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।