আলোচনায় ফেরার গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, যুক্তরাষ্ট্রকে ‘না’ ইরানের
ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় বসার খবর সরাসরি নাকচ করেছেন আলি লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না।”
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় লারিজানি নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছেন। তবে ওই প্রতিবেদনের পরপরই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
এর আগে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে সর্বশেষ বৈঠক হয় গত বৃহস্পতিবার জেনিভায়। পরবর্তী দফার আলোচনা সোমবার ভিয়েনায় হওয়ার কথা ছিল। তবে তার আগেই শনিবার ইরানে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ওই হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন বলে তেহরান দাবি করেছে। এতে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ কার্যত ভেঙে পড়ে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলার পর পারমাণবিক ইস্যুতে পুনরায় আলোচনার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। তেহরানের কড়া অবস্থান পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।