ইসরায়েল এক লাখ রিজার্ভ সেনা ডাকার প্রস্তুতি নিচ্ছে, হামলা জোরদারের ঘোষণা
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রায় এক লাখ রিজার্ভ সেনাকে ডাকার প্রক্রিয়া শুরু করেছে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন রোয়ারিং লায়ন’-এর অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে প্রস্তুতি বাড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে শনিবার শুরু হওয়া এ অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি অব্যাহত থাকবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানে হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন। রোববার প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ‘ক্রমবর্ধমান শক্তি’ দিয়ে আক্রমণ চালানো হচ্ছে এবং আগামী দিনগুলোতে এ হামলার তীব্রতা আরও বাড়ানো হবে।
নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, চিফ অব জেনারেল স্টাফ ইয়েল জামির ও গোয়েন্দা সংস্থা মোসাদ-এর প্রধান ডেভিড বেরনিয়া-র সঙ্গে বৈঠকের পর তিনি আক্রমণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন, ইসরায়েল ‘আগের যেকোনো সময়ের চেয়ে পূর্ণ শক্তি’ নিয়ে সেনা মোতায়েন করছে। এই অভিযানের লক্ষ্য “দেশের টিকে থাকা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করা”।
তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে যৌথ হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় তাকে দীর্ঘদিনের লক্ষ্য পূরণে সহায়তা করবে-‘সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত’ হানতে।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালায়। এতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে আঘাত হানে।
এর আগে গত জুনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর অনুরূপ হামলা চালিয়েছিল। সেই সময় ১২ দিনব্যাপী সংঘাত চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।