প্রধান বিরোধী দল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এ বিষয়ে ১১ দলীয় জোটকে ইতোমধ্যে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। তিনি আরও বলেন, স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। “আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকারের প্রার্থী নির্ধারণ করে,” যোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই জাতীয় সনদে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ রয়েছে, যার একটি বিরোধী দলের জন্য নির্ধারিত থাকবে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করতে হবে।
তিনি বলেন, “অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপিত হবে। তবে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না-তা সংসদীয় আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।”
রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বিরোধী দলকে গুরুত্বপূর্ণ সংসদীয় পদে অন্তর্ভুক্ত করার এই উদ্যোগ সংসদীয় কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।