সালাহউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রী।
জামায়াতকে ডেপুটি স্পিকার পদে প্রস্তাব বিএনপির
জাতীয় সংসদে বিরোধী দলের জন্য নির্ধারিত ডেপুটি স্পিকারের পদ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদে যে রাজনৈতিক সমঝোতা হয়েছে, তার প্রতি সম্মান রেখে আমরা ঐকমত্যের ভিত্তিতে তা বাস্তবায়ন শুরু করতে চাই। সেই ধারাবাহিকতায় মৌখিকভাবে জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে স্পিকার নির্বাচনের দিনই তাঁরা ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন।’
তিনি জানান, সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার-উভয় পদই সরকারি দল নিতে পারে। তবে ‘জুলাই জাতীয় সনদ’-এর সমঝোতা অনুযায়ী ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলের জন্য রাখার বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি বলেন, ‘গুড উইল হিসেবে আমরা এখনই সেই উদ্যোগ নিয়েছি।’
সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিষদ গঠনের জন্য আগে সংবিধান সংশোধন প্রয়োজন। বর্তমানে সংবিধানে এমন কোনো পরিষদের উল্লেখ নেই। অসাংবিধানিক কোনো বিষয় সংসদে তোলা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। তিনি আরও বলেন, গণভোটের রায় অনুসারে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন হয়, তবে তা সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সংবিধানে সংশোধনী আনার পরই বাস্তবায়ন সম্ভব। সংশোধনী পাস হওয়ার পর পরিষদের কাঠামো, শপথ গ্রহণ ও কার্যপদ্ধতি নির্ধারণ করা যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ দেওয়া একটি বাধ্যতামূলক সাংবিধানিক রীতি। কেউ ভিন্নমত পোষণ করতে পারেন, তবে সংবিধানের বিধান কার্যকর হবেই।