হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল না করতে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী রক্ষা বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডারের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি বলেছেন, এই পথ ব্যবহার করার চেষ্টা করলে জাহাজগুলোকে ‘আগুনে পুড়িয়ে দেওয়া হবে’।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জাব্বারি দাবি করেন, প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে। তিনি বলেন, “এই অঞ্চলে তাদের আসা উচিত নয়। কেউ এ পথে প্রবেশের চেষ্টা করলে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এ অঞ্চলের তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আগ্রহী। জাব্বারির ভাষ্য, ইরান প্রয়োজন হলে পাইপলাইনে আঘাত হানবে এবং অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপরিবহন রুট এবং জ্বালানি পরিবহনের সবচেয়ে কৌশলগত সংকীর্ণ পথগুলোর একটি। বিশ্বে উৎপাদিত মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এ হুঁশিয়ারি আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।