ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা বাহরাইন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দূরে একাধিক বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। সংস্থাটির দাবি, বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির কমান্ড ও স্টাফ ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ভবনটি ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়।
আইআরজিসি দাবি করেছে, এ হামলায় ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে বাহরাইন সরকারও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-র প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে শেখ ইসা এলাকায় বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা আইআরজিসি নিশ্চিত করেছে।
এদিকে পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।