আমিরাতে ড্রোন হামলায় অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে Amazon Web Services (এডব্লিউএস)-এর দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে BBC। এডব্লিউএসের ভাষ্য অনুযায়ী, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং ভবনের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সামরিক পদক্ষেপের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে কাতার, কুয়েত ও আমিরাতে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়।
ডেটা সেন্টারগুলোতে ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ব্যবসায়িক পরিষেবার গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়। ফলে এসব স্থাপনায় ক্ষয়ক্ষতি হলে ডিজিটাল সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। পরিস্থিতির প্রেক্ষাপটে এডব্লিউএস গ্রাহকদের অবিলম্বে ডেটা ব্যাকআপ নেওয়া অথবা প্রয়োজনে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপসহ অন্য অঞ্চলে সিস্টেম স্থানান্তরের পরামর্শ দিয়েছে।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা অস্থিরতা অব্যাহত থাকলে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে।