বিদায়ের আগে নিজেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, বিতর্কে ড. ইউনূস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপকড. ইউনূস নিজেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছেন-এমন প্রজ্ঞাপন জারির পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা সুবিধা ভোগ করবেন।
জানা যায়, ২০০৬ সালের ২৯ অক্টোবর জারি করা এসআরও নং ২৮৫ অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব স্ব পদে কর্মবসানের তারিখ থেকে সর্বোচ্চ তিন মাস ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণার বিধান ছিল। নতুন আদেশে সময়সীমা এক বছর করা হলেও তা কেবল সাবেক প্রধান উপদেষ্টার ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সমালোচকদের দাবি, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আইন বা অধ্যাদেশ সংশোধন সংবিধানের মৌলিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের ভাষ্য, যদি সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতো, তবে তা সংশ্লিষ্ট সব পদের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য করা যেত।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আইন বিশেষজ্ঞদের মতে, অধ্যাদেশ জারির পটভূমি ও আইনি ভিত্তি স্পষ্ট হলে বিতর্কের অবসান হতে পারে।