দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের পর তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলি আকবার আজিজি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশনের পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, সরকার রোববার ড. মোহাম্মদ আব্দুল মোমেন নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে কাজ চালিয়ে যেতে অনিচ্ছার কথা জানায়। এরপর তাদের এক থেকে দুই দিনের মধ্যে বঙ্গভবনে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে পদত্যাগপত্র দাখিল করা হয়।
দুদক আইনে বলা আছে, সংস্থাটির চেয়ারম্যান যে কোনো সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিতে হয়, যা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে পাঠানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পরই তা কার্যকর হয়।