রপ্তানিমুখী শিল্পে বেতন পরিশোধে বিশেষ ঋণসুবিধা: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণসুবিধা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপে ব্যবসায়িক পরিবেশে বিঘ্ন, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য উৎপাদন খরচ বাড়ায় অনেক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান সময়মতো বেতন-ভাতা পরিশোধে সমস্যায় পড়ছে। উৎপাদন সক্ষমতা ও রপ্তানি প্রবাহ সচল রাখতে এ আর্থিক সহায়তা প্রয়োজন বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য চলতি মূলধন ঋণসীমার বাইরে গ্রাহকের সক্ষমতা বিবেচনায় মেয়াদি ঋণসুবিধা দেওয়া যাবে। ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে প্রদত্ত গড় বেতন-ভাতার বেশি হবে না।
সার্কুলারে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান মোট উৎপাদনের কমপক্ষে ৮০ শতাংশ রপ্তানি করে, সেগুলোকে রপ্তানিমুখী শিল্প হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি, নভেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত নিয়মিত বেতন পরিশোধ করেছে-এমন প্রতিষ্ঠানকে সচল হিসেবে গণ্য করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের প্রত্যয়ন থাকতে হবে।
ঋণের ক্ষেত্রে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। নির্ধারিত সুদের বাইরে অতিরিক্ত সুদ, মুনাফা, ফি বা চার্জ আরোপ করা যাবে না। ঋণ সর্বোচ্চ এক বছর মেয়াদি হবে এবং এর মধ্যে তিন মাসের গ্রেস পিরিয়ড থাকবে। মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে।
এ ছাড়া তফসিলি ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে সরাসরি বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।