১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ডা. জাহিদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বগুড়ায় উপ-নির্বাচন থাকায় প্রধানমন্ত্রী সেখানে সফরে যাচ্ছেন না। পরিবর্তে কড়াইল বস্তি থেকেই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
ডা. জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড স্মার্ট কার্ডের আদলে প্রস্তুত করা হবে। প্রাথমিক পরিকল্পনার তুলনায় প্রায় ছয় গুণ বেশি কার্ডের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। কর্মসূচিটি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে বলে জানা গেছে।