উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকায় সেহেরির সময় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। রোববার ভোরে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে অবস্থিত নিজ ঘরে সেহেরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের পর হত্যা করে।
স্বজনরা জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে লালা বিবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের শ্বশুরের বড় ভাই আবদুল আলম অভিযোগ করেন, ধর্ষণের পর শ্বাসরোধ এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের ধারণা, দীর্ঘদিন ধরে চলা জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একাধিক ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার ইফতারের পর জানাজা সম্পন্ন করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রাত ১১টার দিকে থানায় এজহার দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।