পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকে নতুন দুই এএমডি
ব্যবসা প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক-এর পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল এবং আহমেদ রশীদ জয়কে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি দিয়েছে। তাঁদের এই পদোন্নতি গত ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। পদোন্নতির পর মো. শাহীন ইকবাল ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন শাহীন ইকবাল করপোরেট ও হোলসেল ব্যাংকিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম (বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেন। শাহীন ইকবাল সিএফএ সোসাইটি বাংলাদেশ-এর সাবেক প্রেসিডেন্ট এবং সিএফএ ইনস্টিটিউট, ভার্জিনিয়ার সদস্য।
অন্যদিকে, আহমেদ রশীদ জয়ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সাফল্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এএমডি পদে পদোন্নতি পেয়েছেন বলে ব্যাংক সূত্র জানিয়েছে। ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণ ও কৌশলগত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে তাঁরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।