সার্বভৌমত্ব রক্ষায় আনসার-ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-কে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারপ্রধান জনস্বার্থে সেবামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মহাপরিচালক বাহিনীর চলমান কার্যক্রম, প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এসব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।