সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–এর অধীনে এনে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এরই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। সরকারপ্রধান নির্দেশ দিয়েছেন, এসব ভবনসহ অন্যান্য সরকারি ও অধীনস্থ প্রতিষ্ঠানের পরিত্যক্ত স্থাপনা দ্রুত চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর কাজও দ্রুত শুরু করার নির্দেশ দেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকারের নীতি হলো চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।