মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাব বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। পূর্বনির্ধারিত সরবরাহের চালান বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি খাতে চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার দুপুরে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যমান মজুত দিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। আমার হাতে যা আছে, সেটাকে সাশ্রয়ভাবে ব্যবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত সরবরাহ লাইন ঠিক না হয়,-বলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান মজুত সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে সংকট মোকাবিলা সম্ভব। এ ক্ষেত্রে দেশের মানুষের সহযোগিতার ওপরও জোর দেন মন্ত্রী। জ্বালানি ব্যবহারে সাশ্রয় ও প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়ে শিগগিরই মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান তিনি।