ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং তিনটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে রাত প্রায় ৮টার দিকে উভয় পক্ষের সমর্থকেরা ঢাল, সড়কি, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষের সময় তিনটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।