পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়েছে সরকার। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রস্তাবটি উপস্থাপনের পর মন্ত্রিসভা তা অনুমোদন দেয়।
সরকারি ছুটির নির্ধারিত তালিকা অনুযায়ী, আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল।
এর আগে ১৭ মার্চ শবেকদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। নতুন করে ১৮ মার্চ ছুটি অনুমোদন দেওয়ায় সব মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
সরকারের এ সিদ্ধান্তে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত কিছুটা স্বস্তিদায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।