বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি
দেশে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে নজিরবিহীন এক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারে ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন তিনি।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার কার্যালয়ের সবগুলো রুমে অর্ধেক লাইট ও এসি বন্ধ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎ সাশ্রয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নিজ দপ্তর থেকেই এ উদ্যোগের সূচনা করেছেন, যাতে সরকারি পর্যায়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে দিনের বেলায় ৫০ শতাংশ লাইট ও এসি বন্ধ রাখা হবে। এর পরিবর্তে রুমগুলোর জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে প্রাকৃতিক আলো ব্যবহার করে কক্ষের আলোকসজ্জার প্রয়োজন মেটানো যায়। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের এ উদ্যোগ কেবল দপ্তরের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না; বরং এটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার বাস্তব প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও। ওই বৈঠকেও অর্ধেক লাইট ও এসি ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বাভাবিক নিয়মের পরিবর্তে সীমিত বিদ্যুৎ ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা সরকারি প্রশাসনের সর্বস্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি অফিস, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতেও বিদ্যুতের অপচয় কমাতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মনে করেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়া অত্যন্ত জরুরি। তাই জাতীয় স্বার্থে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী এ সময় জ্বালানি সাশ্রয়ে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠনের নির্দেশ দেন। ওই টিমের সুপারিশ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।