অভিনয়শিল্পী যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে মুখ খুলেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। তিনি ইকরার সঙ্গে নিজের ব্যক্তিগত কথোপকথনের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করেছেন।
বুধবার (৪ মার্চ) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব স্ক্রিনশট শেয়ার করেন তিথি। একই সঙ্গে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি। ইকরার মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইকরার পরিবারের দাবি, যাহের আলভীর সঙ্গে সহকর্মী তিথির সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে সম্প্রতি একটি নাটকের শুটিংয়ের জন্য যাহের আলভী ও ইফফাত আরা তিথি নেপালে যান। গত ২৭ ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। বিনোদন অঙ্গনে গুঞ্জন ওঠে-তিথির জন্মদিন উদ্যাপনকে কেন্দ্র করেই নেপালে ওই শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আলভী।
এর একদিন পর, ২৮ ফেব্রুয়ারি আফরা ইভনাথ খান ইকরা মারা যান। এরপর থেকেই যাহের আলভী ও তিথির সম্পর্ক নিয়ে আলোচনা ও সমালোচনা আরও তীব্র আকার ধারণ করে।
ফেসবুক পোস্টে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিথি লিখেছেন, প্রথমে তিনি এসব তথ্য প্রকাশ করতে চাননি। প্রশাসনের প্রয়োজন হলে সেগুলো সেখানে জমা দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। তিথি বলেন, “ভেবেছিলাম এগুলো পাবলিকলি দেব না। প্রশাসনের প্রয়োজনে সেখানে দেব, যাতে সবার সম্মান রক্ষা হয়। কিন্তু আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, তাতে আর চুপ থাকা সম্ভব হলো না।”
তিনি আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন জায়গায় অডিও স্টেটমেন্টও দিয়েছেন। পাশাপাশি যারা তাকে নিয়ে সমালোচনা করছেন, তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিথি বলেন, “যারা নিজেদের খুব সাধু সাজছেন, আপনারা কী-সেটার আমলনামাও আছে।”
তিথির এই পোস্ট প্রকাশের পর বিষয়টি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।