বন্ধ সরকারি পাটকল দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে সরকার
দেশের বন্ধ হয়ে থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালু করতে কাজ শুরু করেছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল পরিমাণ কাঁচা পাট প্রতিবছর ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না। এতে একদিকে যেমন দেশীয় পাটশিল্প কাঁচামালের ঘাটতিতে পড়ছে, অন্যদিকে ভারত বাংলাদেশের কাঁচা পাট দিয়ে উচ্চমূল্যের পাটজাত পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
তিনি বলেন, কাঁচা পাট রপ্তানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশে পাট থেকে তৈরি সমাপ্ত পণ্যের উৎপাদন বাড়াতে হবে। এর মাধ্যমে পাটশিল্পে মূল্য সংযোজন বাড়ানো সম্ভব হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)-এর অধীনে মোট ২৫টি পাটকল রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতে ইজারার মাধ্যমে ১৪টি পাটকল ইতোমধ্যে চালু করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত আরও সাতটি পাটকল দ্রুত চালুর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ তৈরি হবে।
এ সময় তিনি জানান, আগামী শুক্রবার (৬ মার্চ) মোহাম্মদ সাহাবুদ্দিন অনলাইনের মাধ্যমে জাতীয় পাট দিবস–২০২৬ এর উদ্বোধন করবেন।